সোমবার । জুন ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২০ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার

ইলিয়াস কাঞ্চনের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল


ilias

ফাইল ছবি

জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কর্ণধার ইলিয়াস কাঞ্চন বর্তমানে ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সেখানে তাকে দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি দেওয়া হচ্ছে, যা আগামী মে মাস পর্যন্ত চলমান থাকবে। এরপর পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তাকে জার্মানিতে নিয়ে একটি বিশেষ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ গণমাধ্যমকে জানান, জার্মানিতে ভ্যাকসিন নেওয়ার পর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হলে তবেই তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হবে। ইলিয়াস কাঞ্চনের এই কঠিন সময়ে তার ভক্ত ও সহশিল্পীরা প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়িকা চম্পা আবেগপ্রবণ হয়ে বলেন, কাঞ্চন ভাইয়ের সাথে অজস্র চলচ্চিত্রে কাজ করার স্মৃতি রয়েছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে দ্রুত তার আপনজনদের মাঝে ফিরে আসেন।

একইভাবে চিত্রনায়িকা শাবনাজ তাকে চলচ্চিত্রের অহংকার হিসেবে অভিহিত করে বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।

চিত্রনায়িকা পপি তার স্মৃতি চারণ করে বলেন, কাঞ্চন ভাই বড় ভাইয়ের মতো আমাকে স্নেহ ও পরামর্শ দিতেন। এমন একজন মানবিক মানুষ আজ মরণব্যাধির সাথে লড়াই করছেন ভাবতেই খারাপ লাগছে। আমরা সবাই তার সুস্থতার অপেক্ষায় আছি।

অন্যদিকে খল-অভিনেতা মিশা সওদাগর বলেন, চলচ্চিত্রের এই গুণী মানুষটি আবারও আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন এটাই আমাদের একমাত্র চাওয়া। তার অবদান ও ব্যক্তিত্ব আমাদের চলচ্চিত্র জগতের সম্পদ।