
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে বুচাই চান পাগলের মাজার ও মেলার মাঠ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম। এ সময় তিনি বলেন, সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার তৈরি হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মাজারের ভেতরে গিয়ে দোয়ায় অংশ নেন এবং মেলার মাঠ ঘুরে দেখেন।
প্রেসসচিব বলেন, ‘মানুষ বুঝে গেছে, হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে স্বৈরাচার ও অনাচার ফিরে আসবে না। এতে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’ তিনি আরও বলেন, হ্যাঁ ভোট দিলে মানুষের জানমাল ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে।

বুচাই চান পাগলের মাজারকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক উল্লেখ করে শফিকুল আলম বলেন, এটি শুধু ধর্মীয় স্থান নয়; প্রতিবছর এখানে বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নেন।
মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, কারও পছন্দ না হলে সেখানে না যাওয়ার অধিকার আছে, কিন্তু আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না, যদিও ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। জনগণকে শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও বক্তব্য দেন প্রেসসচিব। তিনি বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো হামলা নিন্দনীয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সবার দায়িত্ব।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি উপস্থিত ছিলেন।





































