
ফাইল ছবি
সৌদি আরব সরকারের আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে এক সপ্তাহের ব্যবধানে ব্যাপক অভিযান চালিয়ে ১৮ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজারের বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত যৌথ অভিযানে মোট ১৮,২০০ জনকে আটক করা হয়। এর মধ্যে ১১,৪৪২ জন আবাসন আইন, ২,৮২৭ জন শ্রম আইন এবং ৩,৯৩১ জন সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে জড়িত ছিলেন। বিশেষভাবে ১,৭৬২ জনকে অবৈধভাবে দেশ প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে, যাদের মধ্যে প্রায় অর্ধেক ইয়েমেনি এবং ৫৩ শতাংশ ইথিওপিয়ান।
নিরাপত্তা বাহিনী এছাড়াও অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার অভিযোগে ১১ জনকে আটক করেছে। বর্তমানে ২৫,৪৭৭ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যার মধ্যে ২৩,৪৪৩ জন পুরুষ এবং ২,৩৪ জন নারী।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮,৬৮৫ জনকে নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৩,০১১ জনকে ভ্রমণ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪,৪৫১ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে প্রবাসীদের প্রবেশে সহায়তা করে, চাকরি দেয় বা আড়াল করে, তবে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, এবং সম্পত্তি বাজেয়াপ্তসহ কঠোর শাস্তি ভোগ করতে হবে।
















































