
ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি হাওর থেকে উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরের নিখোঁজ লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৯)-এর অগ্নিদগ্ধ মরদেহ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে আগুনে পোড়ানো ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর আশিঘর গ্রামের মৃত হাজী সমছু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করতেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সিলেট নগরীর চৌকিদেখী ১ নম্বর গলির নিজস্ব বাসায় ওঠেন শফি। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন ৩১ জানুয়ারি স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজের দিন তিনি এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দল মরদেহের পরিচয় নিশ্চিত করে।
পুলিশ জানায়, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন রয়েছে এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর পরিচয় গোপন ও আলামত নষ্টের উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।









































