রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শেয়ার

তিন কর্মী আটক ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার


rumin farhanaব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, ভোট গ্রহণ শুরুর পর তাঁর নয়টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং বিনা কারণে তাঁর তিন কর্মীকে আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানা বলেন, ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে, সারা দিনের পরিস্থিতি দেখে চূড়ান্ত মন্তব্য করা যাবে। তবে তিনি এরই মধ্যে কর্মী আটক ও এজেন্টদের বের করে দেওয়ার বিষয়টি পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনকে জানিয়েছেন বলে নিশ্চিত করেন।

রুমিন ফারহানা বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী, ডিসিসহ সবার কাছে ৯টি কেন্দ্রের নাম পাঠিয়েছি। আমার নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। ৩ কর্মীকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। রাতে সিল মারার পরিকল্পনা রোধে তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে।’

এদিকে পুলিশ জানিয়েছে, গত বুধবার দিবাগত রাত একটার পর আশুগঞ্জ উপজেলার দুটি ভিন্ন এলাকা থেকে আনোয়ার হোসেন মৃধা, নূর আলম এবং নাছির মুন্সি নামের রুমিন ফারহানার তিন কর্মীকে আটক করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়ার দাবি, ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থেই তাঁদের আটক করা হয়েছে। 

উল্লেখ্য, এই আসনে ৯ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ভোটের লড়াই এখন এই দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।