
ছবি: সংগৃহীত
আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি আনহেল দি মারিয়া ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ৩৮ বছর বয়সেও শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে মাঠ মাতাচ্ছেন এই তারকা। সম্প্রতি লিগা প্রফেশনালে বারাকা সেন্ট্রালের বিপক্ষে গোল করে তিনি প্রমাণ করেছেন, তাঁর ধার এখনো কমেনি।
আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী গোলকিপার উভালদো ফিল্লোল সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় দাবি করেছেন, দি মারিয়াকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া চলছে। ফিল্লোলের মতে, দলের কোচিং স্টাফ এবং সতীর্থ খেলোয়াড়রা তাঁকে অবসর ভেঙে ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য উৎসাহিত করছেন। তিনি বিশ্বাস করেন, দি মারিয়াকে শেষ পর্যন্ত রাজি করানো সম্ভব হবে।
দি মারিয়ার বর্তমান ছন্দই এই আলোচনার মূল কারণ। রোসারিও সেন্ট্রালের হয়ে শেষ তিন ম্যাচে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। ফিল্লোলের মতে, মেসির খেলা এমএলএস-এর চেয়ে আর্জেন্টিনার লিগ অনেক বেশি প্রতিযোগিতামূলক। আর এমন কঠিন লিগেও দি মারিয়ার গতি ও গোলের ক্ষুধা বলে দিচ্ছে তিনি ফুরিয়ে যাননি।
সমর্থকদের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, বিশ্বচ্যাম্পিয়ন ধরে রাখতে হলে দি মারিয়ার মতো অভিজ্ঞ ফুটবলার দলে থাকা অপরিহার্য। আবার কারো মতে, শিরোপা জয়ের মধ্য দিয়ে বীরের বেশে বিদায় নেওয়াটাই তাঁর জন্য সেরা ছিল। তবে কোচ স্কালোনি বা দি মারিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।





































