বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
শেয়ার

পুরো রমজান বন্ধই থাকছে মাধ্যমিক বিদ্যালয়


Ministry of Education

ফাইল ছবি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জারি করা পূর্বের প্রজ্ঞাপন সংশোধন করে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৬ শিক্ষাবর্ষের (১৪৩২–১৪৩৩ বঙ্গাব্দ) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

জানা গেছে, দীর্ঘ আলোচনার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় সংশোধন আনে। এর ফলে রমজানের প্রথম দিন থেকেই বিদ্যালয়ে ছুটি শুরুর সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি ওই রিটের শুনানিতে পুরো রমজান মাসজুড়ে, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

তবে পরে ওই আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে চেম্বার জজ আদালত স্থগিতাদেশ দেন, যার নেতৃত্বে ছিলেন ফারাহ মাহবুব।

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজাজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন।