
নিহত আলমগীর হোসেন (ডানে)। ছবি:সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেন নিয়ে কথা কাটাকাটির জেরে বিরোধের সৃষ্টি হয়। সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে আলমগীরকে বেধড়ক মারধর করেন। তিনি বলেন, “আমার স্বামীকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে আঘাত করা হয়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় আলমগীরকে ঘটনাস্থলে ফেলে রেখে যান অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, তুচ্ছ ঘটনায় এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।






































