রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ার সাবাহ উপকূলে শক্তিশালী ভূমিকম্প


Malaysia-Quake

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তবে উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬১৯.৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির মাত্রা ইউএসজিএস মাত্রা ৭.১ রেকর্ড করলেও মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর তা ৬.৮ বলে জানিয়েছে।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, গভীর সমুদ্রতলে এই কম্পন সৃষ্টি হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো এলাকা থেকে প্রাণহানি বা সম্পদ ধ্বংসের খবর পাওয়া যায়নি।