রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৩ অপরাহ্ন
শেয়ার

অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল


Mirja Fokhrul

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সিটি করপোরেশনগুলোতে বর্তমানে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনের আয়োজন করা হবে।

আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্দিষ্ট নিয়মনীতির কারণেই বর্তমানে প্রশাসক কাজ করছেন, তবে সরকার পরিস্থিতি ও সুযোগ বুঝে দ্রুতই নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যেই এই সরকার জনগণের আস্থায় জায়গা করে নিয়েছে।

সংসদীয় কার্যক্রম ও দলীয় কৌশল প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, আসন্ন সংসদ অধিবেশন শুরুর পর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে কাজ শুরু হবে। এক্ষেত্রে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলার খবর প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার কোনো সুযোগ নেই। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। আলাপকালে তিনি গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের সাহসিকতা ও অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।