রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল


USA-Snow-storm

ছবি: সংগৃহীত

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে একদিনেই পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, দেশে প্রবেশ এবং দেশ থেকে ছেড়ে যাওয়া মোট ৫ হাজার ৩২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

এর আগে ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়ার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডসহ একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তুষারপাত, প্রবল বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সতর্ক করে জানিয়েছে, উপকূলীয় মিড-আটলান্টিক অঞ্চল থেকে মেইন পর্যন্ত ভারী তুষারপাত, দমকা হাওয়া ও উপকূলীয় বন্যা দেখা দিতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৭ দশমিক ৬ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে এবং মোট তুষারের পরিমাণ ৩০ দশমিক ৫ থেকে ৬১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে স্বাভাবিক চলাচল প্রায় অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এনডব্লিউএস আরও জানিয়েছে, ঘণ্টায় প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী ও ভেজা তুষারের চাপ এবং শক্তিশালী দমকা বাতাসের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঝুঁকিও তৈরি হয়েছে।

অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, নিউইয়র্ক ও নিউ জার্সিতে আগেভাগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের বস্টনসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্লিজার্ড সতর্কতা জারি রয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র মামদানি জানিয়েছেন, রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত শহরের সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে। জরুরি সেবা কর্মী ও বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রায় ৮০ লাখের বেশি মানুষের এই শহরে গত এক দশকে এত তীব্র ঝড় দেখা যায়নি বলেও উল্লেখ করেন মেয়র।