
ছবি: এনডিটিভি
ভারতের আকাশপথে আবারও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করা একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ঝাড়খণ্ডে বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটিতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট সি–৯০ মডেলের, যা পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড। সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে উড্ডয়নের প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে বিমানটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পরে চাতরা জেলার সিমারিয়া থানার অন্তর্গত এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহারের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে।
বিমানে দুই পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ ছাড়াও ছিলেন একজন গুরুতর দগ্ধ রোগী, তার দুই সহকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক। ৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত শুরু করতে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি।





































