
৮ ফিলিস্তিনিকে ফেরত আনলো রেডক্রস
আটক ৮ ফিলিস্তিনিকে ইসরায়েল থেকে গাজা উপত্যকায় ফিরিয়ে এনেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংস্থাটি তাদেরকে কারম আবু সালেম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে দেইর আল-বালাহের শুহাদা আল-আকসা হাসপাতালে নিয়ে গেছে এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করতে সাহায্য করেছে।
খবর আরব নিউজের।
ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে রেডক্রস ইসরায়েলি আটককেন্দ্রে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে দেখা করতে পারেনি, যার ফলে গাজা থেকে ধরে নিয়ে যাওয়া অনেক ফিলিস্তিনি বন্দীর ভাগ্যে কী ঘটেছে এবং তারা কোন অবস্থায় আছেন তা-ও ছিল অজানা।
রেড ক্রস বলেছে, আন্তর্জাতিক আইনের নীতি অনুসারে, বন্দীদের সঙ্গে ইসরায়েলের মানবিক আচরণ করা উচিত, উপযুক্ত অবস্থায় রাখা উচিত এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেওয়া উচিত।
জেরুজালেম-ভিত্তিক অধিকার গোষ্ঠী হামোকেডের মতে, ইসরায়েল প্রায় ৯,২৪৫ জন ফিলিস্তিনি বন্দীকে কারাগারে আটক রেখেছে, যার মধ্যে ৩৫৮ জনকে কোনও অভিযোগ বা বিচার ছাড়াই দেশটির প্রশাসন আটক করে রেখেছে।





































