রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শেয়ার

রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, সাড়ে ৫ হাজার ফ্লাইট বাতিল


new York

রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকা প্রায় ৩৭ ইঞ্চি বা ৯৪ সেন্টিমিটার পুরু তুষারে ঢাকা পড়েছে

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার স্থানীয় সময় ভোর থেকে শুরু হওয়া এই রেকর্ড তুষারপাতে স্থবির হয়ে পড়েছে নিউইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরীতে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, তুষারের স্তূপের কারণে বর্তমানে যাতায়াত করা ‘কার্যত অসম্ভব’ হয়ে দাঁড়িয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকা প্রায় ৩৭ ইঞ্চি বা ৯৪ সেন্টিমিটার পুরু তুষারে ঢাকা পড়েছে। এমনকি নিউইয়র্কের সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের প্রভাবে নিউজার্সি ও ম্যাসাচুসেটসসহ পূর্ব উপকূলের প্রায় ছয় লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তর ক্যারোলাইনা থেকে শুরু করে নর্থ মেইন এবং কানাডার পূর্বাঞ্চল পর্যন্ত জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে রোড আইল্যান্ডে। অঙ্গরাজ্যটির ইতিহাসে এটিই এখন পর্যন্ত শক্তিশালী তুষারঝড় হিসেবে চিহ্নিত হচ্ছে। রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি পুরু তুষার জমে ১৯৭৮ সালের রেকর্ড ভেঙে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হ্যালি মহাসড়কে যানের সর্বোচ্চ গতিসীমা কমিয়ে ঘণ্টায় ৪০ মাইলে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন।

তুষারপাতের প্রভাব পড়েছে আকাশপথের যোগাযোগেও। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ৫ হাজার ৭০৬টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরের ৯৮ শতাংশ এবং জন এফ কেনেডি বিমানবন্দরের ৯১ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া বোস্টনের লোগান ও নিউজার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দরেও প্রায় একই চিত্র দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল নাগাদ উপকূলীয় এলাকায় আরও ১ থেকে ২ ফুট তুষার জমার সম্ভাবনা রয়েছে।