রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
শেয়ার

ইসরায়েলের পাশে থাকার ঘোষণা নরেন্দ্র মোদির


modi

ফাইল ছবি

গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েলের সংসদ নেসেট-এ দেওয়া ভাষণে তিনি বলেন, ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে।

দুই দিনের ইসরায়েল সফরের প্রথম দিন নেসেটে ভাষণ দেন মোদি। কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য এটি ছিল নেসেটে প্রথম ভাষণ। এ সময় তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয়।

ভাষণে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ টেনে বলেন, কোনো উদ্দেশ্যই সাধারণ মানুষের হত্যাকে ন্যায়সঙ্গত করতে পারে না। তিনি ওই হামলাকে ‘বর্বরতা’ হিসেবে উল্লেখ করেন। তবে গাজায় ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনিদের প্রাণহানি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান। সেখানে আয়োজিত আনুষ্ঠানিকতায় দুই নেতা পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করেন।

নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইসরায়েলের পাশে থাকার জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে ‘অভিন্ন স্বার্থ’ রয়েছে উল্লেখ করে মোদীকে তিনি ‘বন্ধুর চেয়েও বেশি, এক ভাই’ হিসেবে আখ্যা দেন।

মোদি বলেন, ভারত গত বছরের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত গাজা শান্তি উদ্যোগকে দৃঢ় সমর্থন জানিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগ অঞ্চলের সব মানুষের জন্য ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তির পথনির্দেশনা দেয়।

তিনি আরও বলেন, ভারত ও ইসরায়েল একে অপরের ‘বিশ্বস্ত অংশীদার’ এবং এ সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সমন্বয়ের প্রশংসা করেন তিনি।

মোদীর ইসরায়েল সফর এবারই প্রথম নয়। ২০১৭ সালে তিনি প্রথমবার দেশটি সফর করেন। ২০১৮ সালে নেতানিয়াহুও ভারত সফর করেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ-এর ভারত সফরের সময় দুই দেশ একটি দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিতে সই করে, যার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়। তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ইসরায়েল থেকে প্রায় ২ হাজার ৫০ কোটি ডলারের অস্ত্র ক্রয় করেছে।

এদিকে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় প্রকাশ্যে সমর্থন দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন মোদি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৭০ হাজারের বেশী ফিলিস্তিনি নিহত ও কয়েক লাখ আহত হয়েছেন। গত অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায়ও উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে।