রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ শুরু


Gazab-lil-haq

ছবি ডন নিউজ

পাকিস্তান সীমান্তে হামলা, সেনা নিহত ও কয়েকজনকে অপহরণের ঘটনার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে পাকিস্তান।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।

তার ভাষ্য অনুযায়ী, রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমানবাহিনী ও স্থলবাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের আওতায় আফগানিস্তানের রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা কাবুল ও কান্দাহার থেকে বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের খবর দিয়েছেন। তালেবান সরকারের দক্ষিণাঞ্চলীয় শক্ত ঘাঁটি কান্দাহারেও জেট বিমানের শব্দ শোনা গেছে।

পাকিস্তানের দাবি অনুযায়ী, অভিযানে অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। একই সঙ্গে কাবুল, পাকতিয়া ও কান্দাহারের ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী।

এছাড়া পাকিস্তান বিমানবাহিনীর হামলায় আফগান সেনাবাহিনীর দুইটি সেনা সদরদপ্তর, তিনটি ব্রিগেড সদরদপ্তর, দুইটি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদরদপ্তর, দুইটি সেক্টর সদরদপ্তর, ৮০টির বেশি ট্যাংকসহ বিপুল সংখ্যক আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানের বিমান হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হন। সে সময় পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের ঘাঁটি লক্ষ্য করেই ওই অভিযান চালানো হয়েছিল।

তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার তখন পাল্টা দাবি করে, জঙ্গিঘাঁটি নয়, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে এবং এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়।

সবশেষ বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তসংলগ্ন ডুরান্ড লাইনে অবস্থিত পাকিস্তানি সেনাচৌকিতে অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত ও কয়েকজন অপহৃত হন। এই ঘটনার প্রতিক্রিয়াতেই শুক্রবার ভোরে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে পাকিস্তান।

সূত্র: ডন নিউজ