রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ তীব্রতর, ‘অভিযান অব্যাহত’ বলছে পাকিস্তান


Pak Afg fight

সাম্প্রতিক এই উত্তেজনা দুই দেশের অভিন্ন সীমান্তজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতা

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্তজুড়ে ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি হামলার পর আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। সংঘর্ষে উভয় পক্ষেই হতাহতের খবর পাওয়া গেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে এখন যুদ্ধ চলছে। এ সময় আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং সীমান্ত এলাকায় তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

এর আগে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, দুই দেশের সীমান্ত বিভাজনকারী ডুরান্ড লাইনের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ‌‘বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান’ চালাচ্ছে আফগান বাহিনী।

পাকিস্তান দাবি করেছে, তাদের আক্রমণে ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে এবং পাকিস্তানের দুইজন নিরাপত্তা সদস্য মারা গেছে। অন্যদিকে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, লড়াইয়ে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছে এবং আটজন তালেবান যোদ্ধা মারা গেছে।

সাম্প্রতিক এই উত্তেজনা দুই দেশের অভিন্ন সীমান্তজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতা। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে এবং কয়েক ডজন মানুষের নিহত হওয়ার দাবি করছে।