
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ নিন্দা জানান এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানজুড়ে সামরিক হামলা এবং এর জবাবে ইরানের প্রতিশোধমূলক আক্রমণ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। তার ভাষায়, যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়।
তুর্ক স্পষ্টভাবে উল্লেখ করেন, ক্ষেপণাস্ত্র ও বোমা কখনোই সমস্যার সমাধান নয়; বরং তা কেবল মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা ডেকে আনে। এই ভয়াবহ পরিণতি এড়াতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্তিসঙ্গত আচরণ, উত্তেজনা হ্রাস এবং দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।
জাতিসংঘের এ আহ্বান এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে বিস্তৃত আকার ধারণ করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।





































