
ফাইল ছবি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তেহরানে ইসরাইলি বিমান হামলা আগামী দিনগুলোতে আরও বাড়ানো হবে। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরাইলি বাহিনী এখনও তাদের ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করেনি। খবর আলজাজিরা।
এক বিশেষ ভিডিও বার্তায় নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। তিনি বলেন, ‘আমি অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দিয়েছি। আমাদের বাহিনী এখন তেহরানের কেন্দ্রে প্রবল শক্তি দিয়ে আঘাত হানছে। তবে এটি কেবল শুরু; আগামী দিনগুলোতে হামলার মাত্রা ও তীব্রতা আরও অনেক গুণ বাড়ানো হবে।’
নেতানিয়াহু এমন সময় এই ঘোষণা দিলেন যখন ইরান সমর্থিত বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত নয়জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এটিই ইসরায়েলের অভ্যন্তরে সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলার ঘটনা।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল বর্তমানে এক বেদনাদায়ক সময় পার করছে। গতকাল তেল আবিবে এবং আজ বেইত শেমেশে আমরা আমাদের প্রিয় মানুষদের হারিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মারমুখী অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, তেহরানের জনবহুল এলাকায় হামলা জোরদার করলে ইরানের পক্ষ থেকেও পাল্টা বড় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ আসতে পারে।
ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ নেতৃত্বের ওপর হওয়া হামলার জবাব তারা কঠোরভাবে দেবে। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে পুরো অঞ্চল এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।







































