
ছবি: ক্রিকইনফো
সাঞ্জু স্যামসনের অনবদ্য ব্যাটিংয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁচা-মরার ম্যাচে ১৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত।
কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৪ উইকেটে ১৯৫ রান। বড় কোনো শতরান না থাকলেও ছয় ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে গড়ে ওঠে এই সংগ্রহ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। তৃতীয় ওভারেই আউট হন ওপেনার অভিষেক শর্মা। কিছুক্ষণ পর ফেরেন ঈশান কিষাণ। টপ অর্ডার ভেঙে পড়ার দিনে তিলক ভার্মা কিংবা সূর্যকুমার যাদবরাও ইনিংস বড় করতে পারেননি।
তবে একপ্রান্ত আগলে অবিচল ছিলেন সাঞ্জু স্যামসন। অন্যপ্রান্তে ব্যাটারদের যাওয়া-আসার মাঝেও ঠান্ডা মাথায় খেলেছেন তিনি। ১০৮ মিনিটে ৫০ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্যামসন। ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও দলকে জেতাতে পারায় সেটি ম্লান হয়ে গেছে। তার এই পারফরম্যান্সে ম্যাচসেরাও হন তিনি। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে তিলক ভার্মার ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও শামার জোসেফ দুটি করে উইকেট নেন। ম্যাথু ফোর্ড তিন ওভারে মাত্র ২২ রান খরচ করে ইকোনমিক্যাল বোলিং করেন, যদিও উইকেট পাননি।
এর আগে উইন্ডিজের ইনিংসে দুই ওপেনার শাই হোপ ও রোস্টন চেজ এনে দেন ভালো শুরু। ৩৩ বলে ৩২ রান করেন অধিনায়ক হোপ, আর ২৫ বলে ৪০ রান করেন চেজ। শিমরন হেটমায়ার ১২ বলে ২৭ রানের ঝড় তোলেন। শেষদিকে রভম্যান পাওয়েল ১৯ বলে ৩৪ ও জেসন হোল্ডার ২২ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন।
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৩৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।







































