
দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত
নিরাপত্তা নিশ্চিত করতে কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে কাতার সরকার এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, এটি একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা। দূতাবাসের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাদের জন্য ইতিমধ্যে বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে, কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কুয়েতের মুবারক আল-কাবীর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনা ঘটে। নোঙর করা একটি ট্যাংকারের মাস্টার জাহাজের বাম পাশে বিকট বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখতে পান। বিস্ফোরণের পরপরই একটি ছোট নৌকাকে দ্রুত এলাকা ছেড়ে যেতে দেখা গেছে।
ইউকেএমটিও আরও জানিয়েছে, বিস্ফোরণের ফলে ট্যাংকারের একটি কার্গো ট্যাংক থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। জাহাজে পানি ঢুকে পড়লেও ট্যাংকারের সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার সূত্রমতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনাগুলো বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।














































