
নিহত জাহেদ হোসেন
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভয়াবহ এক মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের মোহাম্মদ জাহেদ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় সকাল সাড়ে ১১টায় এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।
নিহত জাহেদ হোসেন সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার মোহাম্মদ কামাল উদ্দীনের পুত্র। তিনি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাসজীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সময় মিসাইল হামলায় গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রবাসে থাকা তার সহকর্মীরা পরিবারের সদস্যদের নিশ্চিত করেছেন।
নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় সকাল সাড়ে ১১টায় মিসাইল হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই জাহেদ হোসেনের মৃত্যুর খবর সহকর্মীদের মাধ্যমে পরিবারকে জানানো হয়।
পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, জাহেদ হোসেন অত্যন্ত ভদ্র, সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি পরিবারের প্রধান উপার্জনকারী হিসেবে নিয়মিত দেশে অর্থ পাঠাতেন। নিহতের মৃত্যুর খবর দেশে পৌছানোর সঙ্গে সঙ্গে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার বৃদ্ধ বাবা-মা ও স্বজনরা এখন দিশেহারা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা জাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের বিশেষ সহযোগিতা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।










































