মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৮ মার্চ ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
শেয়ার

পদত্যাগ করলেন ওয়াসা এমডি আব্দুস সালাম


wasa

আব্দুস সালাম ব্যাপারী

অবশেষে নানা বিতর্ক আর দুর্নীতির অভিযোগের মুখে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম ব্যাপারী। রোববার (৮ মার্চ) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে তিনি তার পদত্যাগপত্র জমা দেন এবং মন্ত্রণালয় তা গ্রহণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতির নানা অভিযোগ ছিল।

সালাম ব্যাপারীর পদত্যাগের পেছনে সাম্প্রতিক সময়ে কানাডার ‘বেগমপাড়ায়’ তার স্ত্রীর নামে বাড়ি থাকার চাঞ্চল্যকর তথ্য বড় ভূমিকা রেখেছে। গত ৩ মার্চ এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি চাপের মুখে ছিলেন। এমনকি তাকে সরকারি অনুষ্ঠানে অংশ না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা ওয়াসার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে যাওয়ার সুযোগ পাননি তিনি।

এদিকে সালাম ব্যাপারীর বিদায় শুধু পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতিমধ্যে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। সংস্থার তথ্যমতে, ১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তা তার পুরো কর্মজীবনে আনুমানিক আড়াই কোটি টাকার বেতন-ভাতা পেলেও তার সম্পদের পরিমাণ সেই হিসাবের চেয়ে বহুগুণ বেশি বলে ধারণা করা হচ্ছে।