
ছবি: সংগৃহীত
এএফসি উইমেন’স এশিয়ান কাপের মঞ্চে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশের নারী ফুটবল দল টুর্নামেন্ট শেষ হতে না হতেই কোচ পিটার বাটলার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে তিনি সরাসরি জানান, তিনি আর দলের সঙ্গে থাকছেন না।
বাটলার বলেন, “আমি এখানে থাকছি না। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবব। পরিবারের সঙ্গে সময় কাটাব এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করব। প্রত্যাশা অনুযায়ী সাপোর্ট না পেলে দায়িত্ব চালানো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, সাফ লেভেলের চেয়ে এশিয়ান পর্যায়ের মান অনেক উঁচুতে এবং এ পর্যায়ে লড়াই করতে হলে প্রস্তুতির ধরনে পরিবর্তন আনতে হবে। ভিডিও সরঞ্জাম ও উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহারসহ বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। “আমি রূপকথার জগতে বাস করি না, বাস্তববাদী। আমাদের পরিকল্পনায় অনেক ঘাটতি আছে,” যোগ করেন বাটলার।
পিটার বাটলারের অধীনে ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখে বাংলাদেশ। এছাড়া মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে মূল আসরে রুপনা-ঋতুপর্ণাদের সুযোগ নিশ্চিত করা তার কৃতিত্ব। বাফুফের সঙ্গে তার চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও, এ সংবাদ সম্মেলন তার দায়িত্ব ছাড়ার চূড়ান্ত ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তিনটি ম্যাচে হেরে গেলেও বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াকু মানসিকতা প্রশংসিত হয়েছে। তবে কোচের এই আকস্মিক মন্তব্য দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।










































