মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১০ মার্চ ২০২৬, ১:২৩ অপরাহ্ন
শেয়ার

যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি


IRGC

সংস্থাটির এক মুখপাত্র সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে “এক ফোঁটা তেলও” বাইরে যেতে দেওয়া হবে না

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতি কবে শেষ হবে—সে সিদ্ধান্ত ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই থাকবে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি স্পষ্টভাবে জানায়, যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নয়, বরং ইরানের সামরিক বাহিনীর হাতে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এই সংঘাতের ইতি টানার ক্ষমতা মার্কিন বাহিনীর নেই।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এমন মন্তব্যের পরই আইআরজিসি কঠোর প্রতিক্রিয়া জানায়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি।

সংস্থাটির এক মুখপাত্র সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে “এক ফোঁটা তেলও” বাইরে যেতে দেওয়া হবে না।

অন্যদিকে এই হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তবে দেশটিকে “মৃত্যু, আগুন ও ক্রোধের” ভয়াবহ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। প্রয়োজনে আগের তুলনায় “২০ গুণ বেশি শক্তিশালী” হামলা চালানোর কথাও তিনি উল্লেখ করেন।