
প্রখ্যাত স্থপতি রফিক আজম
বাংলাদেশের স্বাধীনতা দিবসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে সিডনি অপেরা হাউস। আগামী ২৬ মার্চ এই বিশ্বখ্যাত স্থাপত্যের উটজন হলে প্রখ্যাত স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। স্থাপত্য ও শিল্পের এই অনন্য মেলবন্ধনে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ‘রিজোলি নিউইয়র্ক’-এর জ্যেষ্ঠ সম্পাদক মারিয়া রোজা ফাল্ভো সম্পাদিত রফিক আজমের নতুন শিল্প-স্মারকগ্রন্থ ‘রফিক আজম: পুরান ঢাকা নতুন গল্প-বাংলাদেশে স্থাপত্যকলা’-এর বিশ্ব উন্মোচন হবে। গ্রন্থটিতে বাংলাদেশের স্থাপত্যশৈলীর বিবর্তন ও পুরান ঢাকার ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্র ‘আলো ও মাটির মাঝে’-এর বিশ্ব প্রিমিয়ার
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ হলো শঙ্খ দাশগুপ্ত পরিচালিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘আলো ও মাটির মাঝে’-এর বিশ্ব প্রিমিয়ার। স্থপতি রফিক আজমের জীবন ও কাজ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা বলেন, রফিক আজমের স্থাপত্য ভাবনায় যে প্রকৃতি, আলো, জল এবং আধ্যাত্মিক ঐতিহ্য (বিশেষ করে লালন ও রবীন্দ্রনাথের দর্শন) মিশে আছে, তাকেই ক্যামেরার ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানের বৈশ্বিক সমন্বয়ক স্থপতি ফরহাদুর রেজা জানান, সিডনি থেকে এই যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে টোকিওসহ বিশ্বের বড় শহরগুলোতে এ আয়োজন করা হবে। সিডনি সমন্বয়ক স্থপতি ইফতেখার আবদুল্লাহ জানান, প্রদর্শনী ছাড়াও বিশ্ববরেণ্য স্থপতিদের আলোচনা ও রফিক আজমের বিশেষ উপস্থাপনা থাকবে। অপেরা হাউসের মূল অনুষ্ঠানের আগে তিনি সিডনি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তব্য দেবেন।
স্থাপত্যে অসামান্য অবদানের জন্য রফিক আজম এর আগে জওহরলাল নেহরু মেমোরিয়াল গোল্ড মেডেল ও রবার্ট ম্যাথিউ আজীবন সম্মাননা পদকসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।










































