
প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর সরকারি বাসভবন ‘যমুনা’তে না উঠে গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি জানান, সরকারি বাসভবনে ওঠার পরিবর্তে প্রধানমন্ত্রী তার নিজ বাসায় থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। দেশে ফেরার পর গুলশানের এই বাসাটিকে সেভাবেই প্রস্তুত করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
তবে রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য ‘যমুনা’ ভবন ব্যবহার করা হবে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। ইতোমধ্যে সেখানে কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে দুটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও সেখানে অনুষ্ঠিত হবে।
প্রায় ১৭ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতেই সপরিবারে ওঠেন তিনি। উল্লেখ্য, একই এলাকার ‘ফিরোজা’ নামের বাসভবনে থাকতেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার সহধর্মিণী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। সে সময় তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তার এর মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কেই প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সে অনুযায়ী ভবনটিকে প্রস্তুতও করা হয়েছিল।





































