
ছবি: সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনায় প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সকাল সাড়ে আটটায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা ও গৌরীচন্না ছাড়াও পাথরঘাটার হাতেমপুর, বেতাগীর লক্ষ্মীপুরা, বামনার ছোনবুনিয়া, আমতলীর গোজখালী এবং তালতলীর নিদ্রা এলাকার গ্রামগুলোতেও উৎসবমুখর পরিবেশে ঈদ পালিত হচ্ছে। স্থানীয়রা জানান, ধর্মীয় সকল রীতি-নীতিতে সৌদি আরবকে অনুসরণ করতেই তারা প্রতিবছর বাংলাদেশের একদিন আগে ঈদ পালন করেন।
মধ্য বকুলতলী গ্রামের বাসিন্দা মো. আব্দুল গণী মল্লিক বলেন, প্রায় ২০০ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারী হিসেবে এই এলাকায় এমন রীতির প্রচলন হয়। সেই থেকে আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছি।
কাজিরাবাদ এলাকার ঈদ জামাতের ইমাম মো. ফজলুর রহমান জানান, দীর্ঘ বছর ধরে এই ধারা বজায় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান মুসল্লি সংখ্যা কিছুটা কমেছে। তবুও আজ সকালে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।





































