
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ব্যাপক গতি ফিরেছে। গত দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও চাঙা হয়ে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
এর আগে গত ৩ মার্চ মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার)। মাঝখানে আকুর পেমেন্টসহ বিভিন্ন দায় পরিশোধের কারণে রিজার্ভ কিছুটা কমলেও রেমিট্যান্সের প্রভাবে তা স্থিতিশীল রয়েছে।
পরিসংখ্যান বলছে, চলতি মার্চের প্রথম ১৪ দিনেই প্রবাসীরা দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন। এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের কেনাকাটা ও পরিবারের উৎসবের খরচ জোগাতে প্রবাসীরা বেশি করে টাকা পাঠাচ্ছেন। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বৈদেশিক মুদ্রার বাজারে তারল্য সংকট আরও দূর হবে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে।









































