রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শেয়ার

ইরানের সামরিক অ্যাটাশে ও চার কূটনীতিককে বহিষ্কার করলো সৌদি আরব


Saudi Arabia

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ইরানের হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুতর প্রভাব পড়বে

সৌদি আরব ইরানের সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের আরও চার সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। দেশটির ভূখণ্ডে বারবার ইরানি হামলা চালানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইরানের দূতাবাসের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও তিন সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে।

এই পদক্ষেপটি এমন এক সময় নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে তেহরান সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে হামলা বাড়িয়েছে। এসব দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা থাকায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। হামলাগুলোর ফলে বেসামরিক এলাকা ও জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল মজুদের অধিকারী সৌদি আরব জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তাদের ওপর ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে যদিও তার বেশিরভাগই প্রতিরোধ করা হয়েছে।

এসব হামলার মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা এবং রাজধানী রিয়াদও একাধিকবার লক্ষ্যবস্তু হয়েছে। চলতি মাসের শুরুতে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে।

বৃহস্পতিবার লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরে তেল লোডিং কার্যক্রম ব্যাহত হয়, যখন নিকটবর্তী আরামকো-এক্সন রিফাইনারি (স্যামরেফ)-এর কাছে একটি ড্রোন পড়ে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল কার্যত বন্ধ করে দেওয়ায় ইয়ানবু এখন সৌদি আরবের একমাত্র রপ্তানি পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এর আগে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইরানের ওপর আস্থা ভেঙে গেছে এবং আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো তাদের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ব্যবহার করতে পারে।

সৌদি আরব ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের হলেও তিন বছর আগে চীনের মধ্যস্থতায় উভয় দেশ সম্পর্ক উন্নয়নের পথে এগোয়।

শনিবারের বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ইরানের হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুতর প্রভাব পড়বে।

এর আগে বুধবার কাতারও দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা সংযুক্তি কর্মকর্তাদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ দেয়।