
সংগৃহীত ছবি
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা তাকে নিয়ে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।”
এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশন—দুদকের আবেদনের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
দুদকের আবেদনে উল্লেখ ছিল, শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। পাশাপাশি বিশ্বাসযোগ্য সূত্রে অভিযোগ করা হয়, তিনি দেশত্যাগ করে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রা বন্ধ করা জরুরি বলে আদালতকে জানানো হয়।








































