
ফাইল ছবি
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিদায়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে আগেই কাজ গুছিয়ে রেখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। অপেক্ষা ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফলের ওপর, যেখানে ভারতের ৩-০ গোলের জয়ে বাংলাদেশের শেষ চার নিশ্চিত হয়।
টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান। এখন গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচটি মূলত গ্রুপ সেরা হওয়ার লড়াই। পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জেতায় গোল ব্যবধানে কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
সমীকরণের বিচারে শনিবারের ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত গ্রুপ সেরা হবে। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
গ্রুপ সেরা হতে পারলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে দুই দলের জন্যই। এখন ফুটবল প্রেমীদের নজর শনিবারের সেই হাইভোল্টেজ লড়াইয়ের দিকে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চাইবে বাংলাদেশ।










































