
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, এ ‘অপরাধমূলক’ হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, শুক্রবার ইসরায়েল ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়—এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র, একটি ভারী পানি চুল্লি এবং ইসফাহানের দুটি ইস্পাত কারখানাও রয়েছে।
আরাঘচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই ইসরায়েল এই হামলা করেছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলার সময়সীমা বাড়ানোর কথা বললেও ইসরায়েলের এই আক্রমণ তার সঙ্গে সাংঘর্ষিক।
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, হামলার জবাবে ইরান ইসরায়েলের কাছ থেকে ‘চড়া মূল্য’ আদায় করবে।
এ অবস্থায় হামলা এমন এক সময় হলো, যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন—ইরান হরমুজ প্রণালি খুলে দিলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য হামলা কিছুটা স্থগিত রাখতে পারে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় চাপ সৃষ্টি করেছে।








































