শনিবার । মার্চ ২৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৭ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শেয়ার

এফবিআই প্রধানের ইমেইল হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ হ্যাকারদের


Kash Patel

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল

ইরান-ঘনিষ্ঠ একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি তারা প্যাটেলের কিছু ছবি এবং কথিত রেজ্যুমেও ইন্টারনেটে প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিজেদের ‘হানদালা হ্যাক টিম’ নামে পরিচয় দেওয়া ওই গোষ্ঠী তাদের ওয়েবসাইটে লিখেছে, কাশ প্যাটেল ‘এখন সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় নিজের নাম দেখতে পাবেন।’

রয়টার্সকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা জানান, প্যাটেলের ইমেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশের ঘটনা সত্য বলে নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ওই কর্মকর্তা আরও বলেন, হ্যাকাররা অনলাইনে যে তথ্য প্রকাশ করেছে তা প্রাথমিকভাবে সত্য বলে মনে হচ্ছে।

এফবিআই এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। একইভাবে রয়টার্স যোগাযোগ করলেও হ্যাকার গোষ্ঠীর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হ্যাকাররা যে ইমেইলগুলো প্রকাশ করেছে সেগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা না গেলেও রয়টার্স সেগুলো পর্যালোচনা করে জানিয়েছে, সেখানে পেশাগত ও ব্যক্তিগত—দুই ধরনের ইমেইলই রয়েছে, যেগুলোর সময়কাল ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে।

কারা এই ‘হানদালা হ্যাক টিম’?
এই সাইবার হামলার পেছনে থাকা ‘হানদালা’ নিজেদের প্রো-প্যালেস্টাইনপন্থী ভিজিল্যান্টি হ্যাকার গোষ্ঠী হিসেবে দাবি করে। তবে পশ্চিমা কয়েকজন গবেষকের মতে, গোষ্ঠীটির পেছনে ইরান সরকারের সাইবার গোয়েন্দা ইউনিটের সম্পৃক্ততা থাকতে পারে এবং এটি তাদের ব্যবহৃত একাধিক ছদ্মপরিচয়ের একটি।

এর আগে গত ১১ মার্চও হানদালা আরেকটি সাইবার হামলার দাবি করে। তারা জানায়, যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক চিকিৎসা সরঞ্জাম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্ট্রাইকার-এর সিস্টেমে অনুপ্রবেশ করে তারা কোম্পানির বিপুল পরিমাণ তথ্য মুছে দিয়েছে।