মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৩০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শেয়ার

খেলোয়াড়দের রাজনৈতিক দলের সদস্য না হবার আহ্বান প্রধানমন্ত্রীর


খেলোয়াড়দের রাজনৈতিক দলের সদস্য না হবার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে খেলোয়াড়ী জীবনে তাদের কোনো রাজনৈতিক দলের সদস্য না হবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘শাপলা হলে’ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রী জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি ঘোষণা দেন, দেশের ১২৯ জন ক্রীড়াবিদ প্রতি মাসে ১ লাখ টাকা করে ভাতা পাবেন।

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে বলেও জানান তারেক রহমান।

এর আগে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।

এ সম্পর্কে গত শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তারাই পাবেন।

জানা গেছে, প্রথম ধাপে আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসালের ক্রীড়াবিদরা এই সুবিধা পাবেন। তবে এই তালিকায় ক্রিকেটার ও ফুটবলাররা নেই।