শুক্রবার । এপ্রিল ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৩ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শেয়ার

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনাল: প্রথমার্ধ গোলশূন্য, জমে উঠেছে বাংলাদেশ-ভারত লড়াই


bangladesh-india

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্টিত ম্যাচে দুই দলই একে অপরকে টেক্কা দিলেও প্রথমার্ধ শেষে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।

ম্যাচের শুরু থেকেই দুই দল অত্যন্ত সতর্ক ফুটবল খেলছে। একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সম্যক ধারণা থাকায় আক্রমণ গড়ার পাশাপাশি রক্ষণভাগ সামলাতেও ছিল বাড়তি নজর। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দুই দলই মরিয়া থাকলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো পক্ষই।

বাংলাদেশের আক্রমণভাগের অন্যতম ভরসা রোনান সুলিভানকে শুরু থেকেই কড়া মার্কিংয়ে রেখেছে ভারতীয় ডিফেন্ডাররা। তবে প্রতিপক্ষের প্রবল চাপ সামলেও কয়েকবার জোরালো শট নিয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছেন এই ফরোয়ার্ড।

অন্যদিকে, বাংলাদেশের গোলরক্ষক মাহিনকেও বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে। কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করলেও দু-এক ক্ষেত্রে বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাকে, তবে বড় কোনো বিপদ ঘটেনি।

মাঝমাঠে বল দখল নিয়ে লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশের আক্রমণভাগ প্রতিপক্ষের বক্সের কাছাকাছি বেশ কিছু সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু ফিনিশিংয়ের অভাব ও শেষ মুহূর্তের ব্যর্থতায় গোলের দেখা মেলেনি। সব মিলিয়ে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি নেই। শিরোপা জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দুই দলই এখন কাঙ্ক্ষিত গোলের অপেক্ষায় রয়েছে।