
ছবি: রয়টার্স
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে তেহরান, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে স্বস্তি ফেরানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ইরান প্রস্তাব করেছে—চূড়ান্ত সমঝোতা হলে হরমুজ প্রণালির ওমান অংশের আন্তর্জাতিক জলসীমা দিয়ে জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। কয়েক সপ্তাহের সংঘাত ও বাণিজ্যিক স্থবিরতা কাটাতে এটি তেহরানের পক্ষ থেকে বড় ধরনের নমনীয়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশ্বে উৎপাদিত তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে। বর্তমানে পারস্য উপসাগরে শত শত জাহাজ ও হাজারো নাবিক আটকা পড়ে আছেন।

নতুন প্রস্তাবে ইরান জানিয়েছে, ওমান অংশে তারা জাহাজ চলাচলে বাধা দেবে না। তবে এর বিনিময়ে ওয়াশিংটনকে কিছু শর্ত মানতে হবে। যদিও মাইন অপসারণ বা ইসরায়েল-সম্পর্কিত জাহাজের বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান জানায়নি তেহরান। পশ্চিমা সূত্র বলছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই প্রণালিটি মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের প্রধান পথ। বিশ্লেষকদের মতে, ইরানের এই উদ্যোগ দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার একটি সম্ভাব্য সূচনা হতে পারে এবং যুদ্ধ-পরবর্তী স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।










































