শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ট্রাম্পের ধন্যবাদ


trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপের জন্য ইরানকে ধন্যবাদ জানান।

ট্রাম্প তার পোস্টে লিখেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তাদের হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ! এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেন, চলমান যুদ্ধবিরতির বাকি সময়টুকু বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে।

তবে এই পদক্ষেপের প্রশংসা করলেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, একটি স্থায়ী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত এই পথ দিয়ে ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে। বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল। এই সময়ের মধ্যে একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে দুই দেশের কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’ জানিয়েছে, মার্কিন বাহিনীর কড়া নজরদারির মধ্যেই ‘ডিপ সি’, ‘সোনিয়া ১’ এবং ‘ডিওনা’ নামে তিনটি ইরানি ট্যাঙ্কার প্রায় ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানও এক ডজন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয় এবং মধ্যপ্রাচ্যের বিমান চলাচল ব্যবস্থা স্থবির হয়ে পড়ে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে এক ব্রিফিংয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে, ইরান ও যুক্তরাষ্ট্র একটি বড় সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। এরই ধারাবাহিকতায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্তকে এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের পথে বড় একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে।