
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর
ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর সংসদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি সামাল দিতে সরকার বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে আমদানির বিষয়ে আলোচনা চালাচ্ছে এবং একই সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বৃদ্ধি করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, দেশের আমদানি-রপ্তানি খাতকে শক্তিশালী করতে সরকার ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও অর্থনৈতিক জোটের সঙ্গে কৌশলগত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

জাতীয় স্বার্থ রক্ষা করে কৃষি, শিল্প ও সেবা খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষে পর্যায়ক্রমে শুল্ক কমানো এবং বাজার প্রবেশাধিকার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ২১টি দেশে বাংলাদেশের ২৪টি বাণিজ্যিক উইং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
লন্ডন, ওয়াশিংটন, মস্কো, বেইজিং ও নয়াদিল্লিসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে অবস্থিত এই উইংগুলো বাংলাদেশের বাণিজ্য প্রসারে বড় ভূমিকা রাখছে।









































