বৃহস্পতিবার । মে ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শেয়ার

আঙুল ভেঙেও নায়ক মার্টিনেজ, ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা


Martinez

এমিলিয়ানো মার্টিনেজ

ইউরোপা লিগের ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছিলেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শুরুর ঠিক আগে ওয়ার্ম-আপের সময়ই তার আঙুল ভেঙে যায়। তবে সেই চোট নিয়েই পুরো ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন তারকা এবং দলকে জিতিয়েছেন ইউরোপা লিগের শিরোপা।

বুধবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারায় অ্যাস্টন ভিলা। এর মাধ্যমে ৪৪ বছর পর ইউরোপীয় কোনো ট্রফি জিতল ইংলিশ ক্লাবটি।

ম্যাচের পর ৩৩ বছর বয়সী এই তারকা গোলরক্ষক বলেন, ‘ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে যায়। কিন্তু আমার জীবনে খারাপ কিছু অনেক সময় ভালো কিছু বয়ে আনে। আমি সব সময় লড়াই করেছি, এবারও করেছি।’

চোটের কারণে বল ধরতে সমস্যা হচ্ছিল বলেও জানান তিনি। তবুও পুরো ম্যাচ খেলেন এবং দুটি গুরুত্বপূর্ণ সেভ করেন।

ভিলার হয়ে গোল করেন ইউরি টিলেমান্স, এমি বুয়েন্দিয়া এবং মরগান রজার্স। এই জয়ের মাধ্যমে ৩০ বছরের দীর্ঘ অপেক্ষার পর বড় কোনো শিরোপা জিতল অ্যাস্টন ভিলা।

ম্যাচ শেষে উদযাপনেও দারুণ উচ্ছ্বসিত ছিলেন মার্টিনেজ। তিনি গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং কোচ উনাই এমেরিকে কাঁধে তুলে নেন।

তবে মার্টিনেজের চোট এখন চিন্তার কারণ হতে পারে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য। কারণ আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য খুব শিগগিরই আর্জেন্টিনার দল ঘোষণা করা হবে।

মজার বিষয় হলো, নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা প্রতিটি ফাইনালই জিতেছেন মার্টিনেজ। এর মধ্যে রয়েছে এফএ কাপ, বিশ্বকাপ ফাইনাল, দুটি কোপা আমেরিকা এবং এবার ইউরোপা লিগের শিরোপা।