মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৯ জুন ২০২৫, ১:০১ অপরাহ্ন
শেয়ার

গাজায় ত্রাণের আটায় মিলেছে মাদকজাত ট্যাবলেট!


গাজায় ক্ষুধায় মৃত্যু ৫৭ জনগাজায় ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) পরিচালিত ত্রাণ সহায়তা কার্যক্রমে বিতরণ করা কিছু আটার বস্তায় মাদকদ্রব্য অক্সিকোডন পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। গাজার সরকারি মিডিয়া অফিস শুক্রবার এক বিবৃতিতে অভিযোগ করেছে- ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত গাজার ত্রাণ বিতরণকেন্দ্রগুলো ইচ্ছাকৃতভাবে যুদ্ধে বিপর্যস্ত ও দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা মানুষের জন্য বরাদ্দ আটার ব্যাগে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে দিচ্ছে।

গাজার সরকারি মিডিয়া অফিস বিবৃতিতে জানায়, মার্কিন তত্ত্বাবধানে চলমান সাহায্য বিতরণ কেন্দ্র থেকে ফিলিস্তিনিদের হাতে পাওয়া আটার বস্তার ভেতর প্রেসক্রিপশনযুক্ত ব্যথানাশক ওষুধ অক্সিকোডোন পাওয়া গেছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ‘এই বড়িগুলো ইচ্ছাকৃতভাবে আটার সাথে গুঁড়ো করে বা মিশিয়ে দেওয়া হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকিস্বরূপ’।

মিডিয়া অফিস এই ‘নৃশংস অপরাধের’ জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করে এবং বলেছে, এটি ফিলিস্তিনিদের মধ্যে মাদকাসক্তি ছড়িয়ে দিয়ে সমাজের ভিতর থেকে তাদের ধ্বংস করার ষড়যন্ত্র।

একে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার অংশ’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল মাদককে একটি ‘নরম অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে, যা বেসামরিক জনগণের বিরুদ্ধে একটি নোংরা যুদ্ধের কৌশল’।

ইসরায়েল গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে চারটি সাহায্য বিতরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। ইসরায়েলি মিডিয়ার দাবি, এর উদ্দেশ্য উত্তরের ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে নেওয়া।

এই পরিকল্পনার বিরোধিতা করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ, কারণ এটি ইউএন-এর মাধ্যমে সাহায্য বিতরণের প্রক্রিয়াকে এড়ানোর একটি চেষ্টা বলে মনে করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য কেন্দ্র ও জাতিসংঘের খাদ্যবাহী ট্রাকের আশেপাশে ইসরায়েলি গুলিতে অন্তত ৫৪৯ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজারের বেশি আহত হয়েছেন।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় নির্মম হামলা চালিয়ে যাচ্ছে, যাতে এখন পর্যন্ত ৫৬ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।