
ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর টোল ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন যুগের প্রযুক্তি। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে চালু হলো ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এর ফলে চালকদের আর টোল দিতে গিয়ে গাড়ি থামাতে হবে না—নির্দিষ্ট লেন দিয়ে নিরবচ্ছিন্ন গতিতেই সেতু পার হওয়া যাবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইটিসি সেবা ব্যবহার করতে আগ্রহীদের প্রথম ধাপে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ট্যাপ অ্যাপ ব্যবহার করে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। পরে পদ্মা সেতুর আরএফআইডি বুথে গিয়ে কেবল একবারের জন্য ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
পুরো প্রক্রিয়া শেষ হলে গাড়িচালকরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন দিয়ে চলাচল করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ সময় বাঁচাবে, যানজট কমাবে এবং পদ্মা সেতুর টোল ব্যবস্থাপনাকে আরও আধুনিক করে তুলবে।





































