রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ ডিসেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার

পরিচিতরাই গুলি করেন এনসিপি নেতা মোতালেবকে, ধারণা পুলিশের


Motaleb Shikder

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে আল আকসা মসজিদ সড়কের এক বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোতালেবের মাথার চামড়া স্পর্শ করে গুলি চলে গেছে। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, এবং শঙ্কামুক্ত।

পেশায় ট্রাকচালক মোতালেব নগরীর পল্লীমঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। তিনি ২০২২ সালে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল থেকে প্রার্থী ছিলেন। সম্প্রতি এনসিপিতে যোগ দিয়ে তিনি শ্রমিকশক্তিতে দায়িত্ব পান।

ঘটনাস্থলে পাওয়া যায় একটি নীল প্রাইভেটকার, যাতে এনসিপি ও শ্রমিকশক্তির বিভাগীয় আহ্বায়ক পরিচয়যুক্ত বড় স্টিকার লাগানো ছিল। স্থানীয়রা বলেন, গাড়িটি আগের রাত থেকেই ওই স্থানে ছিল।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৫৯ মিনিটে আহত মোতালেবকে মাথা ধরে এক যুবক দ্রুত সড়কের দিকে নিয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ওইসময় মোতালেব তার দুই সহযোগীসহ গাড়িতে ওই এলাকায় গিয়েছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ভিডিও বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পরিচিতদের বিরোধেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। কারা জড়িত ও কেন এই হামলা হয়েছে- তা তদন্ত করে দেখা হচ্ছে।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, ঘটনার পর এক নারী পলাতক, গাড়িটি জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে এনসিপির খুলনা জেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, তদন্ত চলছে- এ নিয়ে দল কোনো মন্তব্য করতে চায় না।