
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের হামলার কারণে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট বাতিল করা হয়েছে। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানটি কেবল নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে জেমসের পরিবেশনার খবরে কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে জড়ো হন।
ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে বহিরাগতরা প্রথমে মুজিব সড়কে অবস্থান নেন। পরে দেয়াল বেয়ে স্কুল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মঞ্চ ও দর্শকদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এতে বহু মানুষ আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত ১০টার কিছু আগে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত জনসমাগম ও বিশৃঙ্খলার কারণে নিরাপত্তা নিশ্চিত করতে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









































