রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার

ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা


sadar-ghat

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দেশের সব নৌপথে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদীতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। চলমান লঞ্চগুলোকে যেখানে অবস্থান করছে, সেখানেই নিরাপদে নদীর পাড়ে নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করা হবে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে ঘন কুয়াশার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুইটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ৮ জন নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ জব্দ করা হয়। পাশাপাশি লঞ্চটির চারজন স্টাফকে আটক করা হয়েছে।