
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রাথমিকভাবে বাসচালকের অসতর্কতা এবং ঘন কুয়াশাকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি আটক রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।









































