
দেশজুড়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এসব জানাজায় অংশ নেন।
বগুড়া: বুধবার বিকেল সাড়ে ৩টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে দল-মত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা চলাকালে অনেককে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। জানাজা শেষে হাজারো মুসল্লি দু’হাত তুলে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
সিলেট: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি: রাঙ্গামাটিতেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত জানাজার সম্প্রচার এলইডি টিভির মাধ্যমে দেখিয়ে রাঙ্গামাটির মানুষও এতে অংশ নেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, টেলিভিশনে সম্প্রচারিত জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সম্মান জানান।
ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে বড় খেলার মাঠে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার বাদ জোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা নাহিদুল ইসলাম। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
রংপুর: বুধবার বাদ যোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম। জানাজায় মহানগর বিএনপির নেতা কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ দুই হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন।
রাজবাড়ী: বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন।
পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বুধবার বাদ যোহর বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন এবং শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চাঁদপুর: দুপুরে চাঁদপুর শহরের আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। এতে বিএনপির পাশাপাশি জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারাও অংশ নেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচারিত জানাজার সঙ্গে বিএনপি নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। জানাজায় উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।
চবি: দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।










































