রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
শেয়ার

নতুন বছরের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া


Abohawa office

নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর পরই শুরু হচ্ছে ২০২৬ সাল। নতুন বছরের প্রথম দিনে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং কিছু এলাকায় তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া জানুয়ারির প্রথম দিনে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশজুড়ে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।