
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার নগরীর বিনোদপুর এলাকার একটি ছাত্রীনিবাসের কক্ষের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম লামিসা নওরিন পুষ্পিতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝিনাইদহে। বাবার নাম মুহাম্মদ কুদরৎ উল্লাহ বিপ্লব।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুষ্পিতা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।









































