রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১ জানুয়ারি ২০২৬, ২:০৯ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ 


Newborn Baby

দেশজুড়ে যখন শোকের ছায়া, ঠিক সেই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় জন্ম নেওয়া এক নবজাতককে ঘিরে তৈরি হয়েছে অনন্য এক আবেগ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের দিনে জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে তাঁরই স্মরণে ‘খালেদা জিয়া’। 

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম দম্পতির কোল আলো করে আসা এই শিশুটির নাম রাখা নিয়ে আগে থেকেই ছিল বিশেষ পরিকল্পনা। কাকতালীয়ভাবে যেদিন শিশুটি পৃথিবীতে আসে, সেদিনই ভোরে ইন্তেকাল করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস আজিজ জানান, বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইলিয়াস বলেন, “বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেম আমাদের মুগ্ধ করে। যেদিন আমার কন্যাসন্তান জন্ম নেয়, সেদিন চারদিকে ছিল শোকের আবহ। সেই গভীর আবেগ আর অনুভূতি থেকেই মেয়ের নাম রেখেছি ‘খালেদা জিয়া’।”

পরিবার সূত্রে জানা গেছে, কেবল নাম রাখাই নয়, শিশুটিকে নিয়ে বড় স্বপ্নও দেখছেন তার বাবা-মা। ইলিয়াস আজিজ আরও যোগ করেন, “আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তবে আমি আমার মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চাই। সে যেন মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।”

বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তবে ‘খালেদা জিয়া’ নাম রাখার খবরটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।